সংসদের কার্যসূচিতে রংপুরসহ ৫ উন্নয়ন প্রস্তাব, ৩০ এপ্রিল বেসরকারি সদস্যদের দিনে আলোচনা
আইয়ুব আলী। রংপুর
বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের কার্যদিবসে আলোচনার জন্য পাঁচজন সংসদ সদস্যের উত্থাপিত পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-প্রস্তাব দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে জাতীয় সংসদ সচিবালয়। স্থানীয় উন্নয়ন, কৃষি, শিল্প, নগর ব্যবস্থাপনা ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনে রেখে উত্থাপিত এসব প্রস্তাব আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সংসদে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়, বেসরকারি সদস্যদের নির্ধারিত কার্যদিবসে এসব প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পরিপত্র অনুযায়ী, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে লটারির মাধ্যমে নির্বাচিত প্রস্তাবগুলোর মধ্য থেকে পাঁচটি সিদ্ধান্ত-প্রস্তাব চূড়ান্তভাবে কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচ্য প্রস্তাবগুলোর প্রথমটি উত্থাপন করেছেন বিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তার প্রস্তাবে বিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষিভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি শিক্ষার নতুন সুযোগ তৈরি হতে পারে।
দ্বিতীয় প্রস্তাবটি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। তিনি ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন। তার মতে, ফেনী শহরের জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ এবং নাগরিক সেবার প্রয়োজনীয়তা বিবেচনায় এ উন্নয়ন প্রয়োজন হয়ে উঠেছে।
তৃতীয় প্রস্তাবে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন রামগঞ্জ উপজেলায় পুরনো পশু হাসপাতালের স্থলে আধুনিক পশু হাসপাতাল নির্মাণের আহ্বান জানিয়েছেন। প্রাণিসম্পদ খাতকে আরও কার্যকর করতে এবং গ্রামীণ পশুপালকদের সেবা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চতুর্থ প্রস্তাবটি এসেছে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের কাছ থেকে। তিনি রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, এ ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে এবং শিল্প বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পঞ্চম প্রস্তাবে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক নিয়াজ সেতাবগঞ্জের বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবি তুলেছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শিল্পপ্রতিষ্ঠান চালু হলে স্থানীয় অর্থনীতি পুনরুজ্জীবিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী এসব প্রস্তাব প্রথমে সংসদে উপস্থাপন করা হবে। পরে আলোচনা শেষে প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে। যদিও এসব সিদ্ধান্ত-প্রস্তাব সরাসরি আইন নয়, তবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদের নজরে আনার ক্ষেত্রে এ ধরনের কার্যদিবসকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেসরকারি সদস্যদের কার্যদিবস সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়ন দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় আসে এবং সরকারিভাবে বিষয়গুলো বিবেচনার সুযোগ তৈরি হয়।
এবারের পাঁচটি প্রস্তাবেই দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নচিত্র প্রতিফলিত হয়েছে। কৃষি শিক্ষা থেকে শিল্প পুনরুজ্জীবন এবং নগর উন্নয়ন পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হওয়ায় আগামী ৩০ এপ্রিলের সংসদ অধিবেশনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।