আইয়ুব আলী রংপুর :
রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন বীরভদ্রবালাটারী এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় মো. শামীম মিয়াকে মারধর, তার বাড়িতে গিয়ে হট্টগোল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শামীম মিয়া (৩৯) মাহিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি ইব্রাহিম, সুমন, তারা মিয়া, রাসেল ও চান মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন। অভিযোগে শামীম মিয়া উল্লেখ করেন, এলাকার কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এতে এলাকার পরিবেশ ও যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট পরিবার ও মসজিদ কমিটিকে অবহিত করেন।
অভিযোগে বলা হয়, এর জেরে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে শামীমের বাড়ির সামনে গিয়ে তাকে গালাগাল করেন। তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবারও শামীমের বাড়ির সামনে গিয়ে হট্টগোল করেন বলে অভিযোগ করা হয়। এ সময় শামীম ও তার পরিবারের সদস্যদের গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়ির সামনে এসে তাকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শামীমকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি বিষয়টি মাহিগঞ্জ থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাক্ষী হিসেবে মাহমুদ হাসান তুহিন, আব্দুল খালেক, বাধন ও শাহাবুদ্দিনের নাম অভিযোগ সংশ্লিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাদের বক্তব্যে ঘটনার সময়কার পরিস্থিতি ও স্থানীয় পরিবেশ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে মাহিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন অভিযোগ টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এমন সততা পাওয়া গেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় মাদকবিরোধী সামাজিক উদ্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। এবং সাধারণ জনগণ মাদকের বিরুদ্ধে পুলিশ কে একান্ত ভাবে কাজ করার আহবান করেন। এবং মাদক প্রতিরোধ করতে প্রতিনিয়ত অভিযান চালানো প্রয়োজন বলে আশা ব্যক্ত করেন।
এই বিষয়ে শামীম সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। এবং যারা প্রাননাশের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান করেন। এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলেন। এলাকায় মাদকের ব্যবসা বাড়ে গেছে এর প্রতিরোধ না করতে পারলে তরুণ প্রজন্ম ও যুবক সমাজ নষ্ট হয়ে যাবে।