মাহামুদুল হাসান পার্বতীপুরে (দিনাজপুর) প্রতিনিধি :
উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পার্বতীপুর রেলওয়ে জংশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুটওভারব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও অন্ধকার, কোথাও ভাঙা সিঁড়ি—এমন চরম বেহাল দশার মধ্যেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজার হাজার যাত্রী ও সাধারণ পথচারী।
সরেজমিনে দেখা যায়, ফুটওভারব্রিজটির সিঁড়ির বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং স্ল্যাব ভেঙে রড বেরিয়ে পড়েছে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ব্রিজটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আলো ও সুব্যবস্থার অভাবে বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, পার্বতীপুর রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন ও হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি জংশনের ফুটওভারব্রিজের এমন ভঙুর অবস্থা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত ও টেকসই সংস্কার করে ফুটওভারব্রিজটি চলাচলের জন্য নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ও সচেতন যাত্রীরা।