দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. শফিকুর রহমানের
আইয়ুব আলি। রংপুর
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন।
তিনি আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারবেন।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা জরুরি।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।