রংপুরে নাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
আইয়ুব আলী। রংপুর
রংপুরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬১ বছর বয়সী আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়ে আহত হন অভিযুক্ত। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, ভুক্তভোগী কিশোরকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ নভেম্বর) রাতে ওই বাক্প্রতিবন্ধী কিশোর নগরীর সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। রাত আনুমানিক ৯টার দিকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে চাঁদকুঠি সদবাজার এলাকার এক ব্যক্তির গোডাউনের পাশের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে কিশোরটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পরে কিশোরটিকে সদবাজারের কাছে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মতিন। এ সময় কিশোরের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার লুঙ্গিতে রক্তের দাগ দেখতে পেয়ে বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। পরে স্থানীয়রা আব্দুল মতিনকে আটক করে গণপিটুনি দেন। তবে একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে থানায় মামলা করেছেন।
তিনি আরও জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে অভিযুক্ত আব্দুল মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।