হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই পর্যাপ্ত জনবল, ব্যাহত চিকিৎসাসেবা
আইয়ুব আলী । রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসাসেবা নিয়ে দেখা দিয়েছে চরম সংকট। একসময় যেখানে নিয়মিতভাবে মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হতো, বর্তমানে সেখানে পর্যাপ্ত জনবল, অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, প্রায় ৭-৮ বছর আগেও হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির সেবার মান ক্রমেই কমেছে। বর্তমানে প্রয়োজনের তুলনায় খুবই সীমিত সেবা চালু রয়েছে বলে অভিযোগ।
হাসপাতালটির অবকাঠামোর অবস্থাও অত্যন্ত নাজুক। ভবনের বিভিন্ন অংশ ভাঙাচোরা হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় পুরো হাসপাতাল চত্বরের পরিবেশও অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
হাসপাতালের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য হারাগাছ পৌরসভা থেকে টেন্ডার ও নির্ধারিত বাজেট অনুমোদনের কথা থাকলেও হাসপাতালের প্রয়োজনীয় দলিলপত্র না পাওয়ায় কাজটি বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা আরও জানান, হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার জন্য একটি নির্দিষ্ট ঘর রয়েছে। তবে সেখানে বর্তমানে কোনো অ্যাম্বুলেন্স নেই। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অ্যাম্বুলেন্স রাখার ঘরটিও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে জনবল নিয়ে। স্থানীয়দের দাবি, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল থাকা দরকার হলেও হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বর্তমানে মাত্র তিনজন নার্স/সেবিকা দায়িত্ব পালন করছেন। ফলে বিপুলসংখ্যক মা ও শিশুকে প্রয়োজনীয় সেবা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের বেশ কয়েকজন সেবিকাকে অন্যত্র বদলি করে দেওয়ার পর থেকেই জনবল সংকট আরও প্রকট হয়েছে। এতে হারাগাছ পৌরসভা ও আশপাশের এলাকার হাজার হাজার মা ও শিশু প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ মা ও শিশু কল্যাণ কেন্দ্র যদি পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া পরিচালিত হয়, তাহলে এলাকার মা ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত হবে কীভাবে?
হারাগাছের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হাসপাতালের অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বদলি হওয়া সেবিকাদের ঘাটতি পূরণসহ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন।
একই সঙ্গে স্থানীয়দের আহ্বান, হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যম গুরুত্বের সঙ্গে তুলে ধরুক এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।