মাহামুদুল হাসান পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি:
“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” স্লোগানে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স গতকাল ১২ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হবে। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রেস কনফারেন্সে জানানো হয়, এই কার্যক্রমের জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহ বিষয়ে জনসচেতনতা তৈরিতে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সভায় আরও জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য দিতে কোনো টাকা লাগবে না। কেউ টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করতে এবং ১০৯৮ নম্বরে অভিযোগ করার জন্য বলা হয়েছে।