নিজস্ব প্রতিবেদক:
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ এপ্রিল সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। একটির সুস্থতা অন্যটির ওপর নির্ভরশীল। তাই সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি “One Health” বা “এক স্বাস্থ্য” ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সুস্থতার পাশাপাশি পরিবেশ ও প্রাণিকুলের সুস্বাস্থ্য রক্ষা করাও সমান জরুরি। 
স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অগ্রগতির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটি (এআর)-এর মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার “প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম” নীতিতে বিশ্বাসী। “সবার জন্য স্বাস্থ্য” নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এ বিষয়টি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের শহর ও গ্রামে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার অধিকাংশই নারী হবেন। এছাড়া ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু ও সম্প্রসারণ, জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) চালু এবং চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কার আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় জোরদার পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়ন করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং আয়োজিত সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।