কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন তারেক রহমান
কেরানীগঞ্জ নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। এতে যে প্রাণহানি ঘটেছে, তা অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।