জাপানে প্রবাসীদের বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
আইয়ুব আলী। রংপুর
জাপানের রাজধানী টোকিওতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। প্রবাসের মাটিতে অনুষ্ঠিত এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
সোমবার (৪ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ।
অনুষ্ঠানের শুরুতে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠন অপরিহার্য। তিনি বলেন, “’৪৭, ’৭১ ও ’২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মানুষ আত্মত্যাগ করেছেন। সেই ত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, সংসদের ভেতরে এবং বাইরে তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। দেশের ইতিহাসে আত্মত্যাগকারী সকল শহীদের অবদান স্মরণ করে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থান করেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে কিংবা প্রবাসে থেকেই দেশের উন্নয়নে অবদান রাখা উচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সংসদে ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।” তিনি দৃঢ়ভাবে বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে।
জাপানে বসবাসরত বাংলাদেশীদের প্রতি দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রবাসে অবস্থানকালে স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং জাপানি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি বাংলাদেশীর দায়িত্ব। একইসঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ সংবর্ধনাকে আরও তাৎপর্যমণ্ডিত করেছে। তিনি প্রবাসীদের অধিকার রক্ষায় বিরোধীদল হিসেবে কাজ করার আশ্বাস দেন।
অপর বিশেষ অতিথি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি বলেন, সাম্প্রতিক গণআন্দোলন দেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করেছে এবং এই অগ্রযাত্রা সফল করতে সকল বাংলাদেশীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা সাবের আহমদ বলেন, জাপানে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি জাপানি সমাজে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান তিনি।