বিশ্ববিশ্বকাপ ফুটবল ২৬ এর থিম সং ‘দাই দাই’, গেয়েছেন পপতারকা শাকিরা ও বার্না বয়
সৌরভ উজ্জামান,ঢাকা
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে প্রকাশ করা হয়েছে এবারের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। গানটি গেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়। গানটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
বহু বছর পর আবারও বিশ্বকাপের গানে ফিরলেন শাকিরা। ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এরপর ২০১৪ সালেও বিশ্বকাপ উপলক্ষে গান গেয়েছিলেন এই কলম্বিয়ান তারকা। এবার ‘দাই দাই’ দিয়ে আবারও ফুটবলমঞ্চ মাতাতে প্রস্তুত তিনি।
ফিফার তথ্য অনুযায়ী, ‘দাই দাই’ গানে ফুটবল, সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে। ল্যাটিন পপ ও আফ্রোবিটসের সংমিশ্রণে তৈরি এই গানটিতে রয়েছে ভিন্নধর্মী ছন্দ ও স্টেডিয়াম মাতানো আবহ। গানটি ইতোমধ্যে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।
এদিকে গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ‘ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের জন্য একটি স্মরণীয় সংগীত উপহার দিলেন শাকিরা। বিশেষ করে বার্না বয়ের অংশগ্রহণ গানটিকে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন ভক্তরা।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮টি দলের অংশগ্রহণে এবারই প্রথমবারের মতো সবচেয়ে বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞ। আর সেই আয়োজনের উত্তাপ আরও বাড়িয়ে দিল ‘দাই দাই’।