মাহামুদুল হাসান পার্বতীপুরে (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আরিফ হোসেন (২৪)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে এসআই মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে আরিফ হোসেনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে গাঁজা জব্দ করে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা নম্বর-০৪, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে।