September 24, 2026, 4:02 pm
শিরোনাম:
সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা ঘোড়াঘাট সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, একই দিনে বিশ্ববাজারে কমল এক লাফে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণে দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ চাঁদের মাথায় উজ্জ্বল তারা, সন্ধ্যার আকাশে মুগ্ধ বাংলাদেশ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

আইয়ুব আলী

‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

আইয়্যব আলী । রংপুর

রংপুরকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে ‘সেভ রংপুর’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা প্রয়োজনে নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধ, দুর্ঘটনা ও জননিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনেক নাগরিক অপরাধের তথ্য জানলেও ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরাসরি যেতে চান না। তাদের কথা বিবেচনা করেই প্ল্যাটফর্মটিতে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জানা গেছে, ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মের মাধ্যমে মাদক কারবার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য দেওয়া যাবে। একই সঙ্গে দুর্ঘটনা ও জননিরাপত্তা-সংক্রান্ত তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সুযোগ থাকবে।

ব্যবহারকারী প্ল্যাটফর্মে প্রবেশ করে ঘটনার বিবরণ, স্থান এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রিপোর্ট করতে পারবেন। পরে দেওয়া তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তথ্য দেওয়ার ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্যোক্তাদের ভাষ্য, অনেক মানুষ তাদের আশপাশে মাদক বিক্রি, চাঁদাবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জানলেও নানা কারণে প্রশাসনের কাছে যেতে পারেন না। কেউ কেউ মনে করেন, তথ্য দিলে পরবর্তীতে তাদের সাক্ষী হতে হবে কিংবা বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হতে পারে। এ ধরনের উদ্বেগের কারণে গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছায় না। ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্ম সেই দূরত্ব কমানোর একটি উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নিরাপদ শহর গড়ে তোলা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়। সাধারণ নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। নাগরিকরা যদি নিজ নিজ এলাকার অপরাধ ও জননিরাপত্তা-সংক্রান্ত সঠিক তথ্য দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন, তাহলে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন, রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে জরুরি কোনো ঘটনা বা তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হলে শুধু অনলাইন রিপোর্টের ওপর নির্ভর না করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে নাগরিকদের সঠিক, যাচাইযোগ্য ও দায়িত্বশীল তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্ম রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় একটি কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারবে।



ফেসবুকে আমরা