বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় নতুন উচ্চশিক্ষার দুয়ার খুলছে,
আইয়ুব আলী। রংপুর
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ঢাকায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় অংশ নেন ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান।
সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক মি. জুকিফেরি বিন ইব্রাহিম। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি বৃদ্ধি, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ সহজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়পক্ষই শিক্ষা ও গবেষণাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। আলোচনায় উঠে আসে, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া ইতোমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষক এবং বহুমুখী গবেষণার সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠেছে।
বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তি, ইসলামিক স্টাডিজ, ব্যবসায় শিক্ষা, মেডিকেল সায়েন্স এবং গবেষণামূলক উচ্চশিক্ষার ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা দুই দেশের শিক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক ও প্রশাসনিক জটিলতা কমাতে পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষাবিদরা মনে করছেন, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী হলেও অনেক সময় পর্যাপ্ত তথ্য ও বৃত্তির সুযোগের অভাবে তারা পিছিয়ে পড়েন। এ অবস্থায় মালয়েশিয়ার মতো মুসলিমপ্রধান ও শিক্ষাবান্ধব দেশে সহজ শর্তে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ হলে তা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভার শেষে উভয়পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা খাতে আরও কার্যকর যোগাযোগ ও যৌথ কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা অর্জনের পথ আরও সহজ ও বিস্তৃত হবে।