দেশের অর্থনৈতিক সংস্কারে দ্রুত পদক্ষেপ চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে এনসিপির সভা
আইয়ুব আলী।রংপুর
দেশের অর্থনৈতিক খাতে জরুরি সংস্কারের দাবি তুলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শিল্প ও বাণিজ্য সেল। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সভাটির প্রতিপাদ্য ছিল— “Delay is Costly: Why Immediate Economic Reforms are Non-Negotiable”। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেশের বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক আস্থা কমিয়ে দিচ্ছে। দ্রুত, কার্যকর ও বাস্তবমুখী সংস্কার গ্রহণের ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সংস্কার বিলম্বিত হলে তার প্রভাব শিল্প, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নের ওপর পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলোচনার শুরুতে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল আলোচ্য বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন, যেখানে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এফবিসিসিআই, তৈরি পোশাক শিল্প, আবাসন খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা সভায় অংশ নিয়ে করনীতি, বিনিয়োগ প্রতিবন্ধকতা, জ্বালানি সংকট এবং প্রশাসনিক জটিলতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে দ্রুত নীতিগত সংস্কার অপরিহার্য।
আয়োজকরা জানান, রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী সমাজের মধ্যে গঠনমূলক সংলাপ বাড়ানোর লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে, যাতে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হয়।