অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
আইয়ুব আলী | রংপুর
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
বুধবার (১০ জুন ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডাকসু ভিপি সাদিক কায়েমের যুক্তরাজ্য সফরের সফলতা কামনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব দেশের শিক্ষা ও গবেষণা খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জানা গেছে, যুক্তরাজ্য সফরকালে সাদিক কায়েম বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা, তরুণ নেতৃত্ব, গণতান্ত্রিক চর্চা এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য তুলে ধরবেন।
এছাড়া সফরকালে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েমের এ সফরকে শিক্ষা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং উচ্চশিক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক সংগঠন হিসেবে পরিচিত। বিশ্বের বহু রাষ্ট্রনায়ক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই মঞ্চে বক্তব্য দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডাকসু ভিপি সাদিক কায়েমের অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।